Select your language

কথকতার ছলে জীবনের গল্প বলে মেয়েদের দল Mad Balikas
পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 05 জুলাই 2026
ম্যায় ওয়াপস আউঙ্গা

ডিমেনশিয়া, ব্রেন হ্যামারেজ, হার্ট মনিটর বনাম পার্টিশনের অভিশাপে অধুরা প্রেমকাহিনীর কন্ট্রাস্ট যে এমন নজরকাড়া দেখতে হতে পারে ইমতিয়াজ আলি না দেখালে বিশ্বাস হত না।

৯৫ বছর বয়সী ইশার সিং গ্রেওয়াল ওরফে কিনু (নাসিরুদ্দিন শাহ) ডিমেনশিয়ায় আক্রান্ত, মৃত্যুশয্যায় শুয়ে বারবার তাঁর পাকিস্তানের সারগোধায় ফেলে আসা বাড়ি আর কোন এক মালিকা দিলফরেবের কথা বলে যাচ্ছেন। এই ভুলে যাওয়া, এলোমেলো স্মৃতি ছবির আসল ফর্ম। ইমতিয়াজের সিগনেচার নন-লিনিয়ার গল্প বেয়ে আমরা আগু পিছু করতে থাকি।

এই ন্যারেটিভ কেবল কাব্যিক নয়, বিপজ্জনক। বুড়ো কিনু প্রলাপ বকে যায়, মঙ্গল গ্রহ থেকে ভিনগ্রহী এসে তার চাঁদে হানা দিচ্ছে। আমরাও দাঁত বার করে হাসতে হাসতে দেখি থোকা থোকা ফুলের ঝোপে ঢাকা লাল গোলাপি বাড়ির এক আশ্চর্য সারগোধায় ছোকরা কিনু আফসানাকে লাইন মারছে। চাঁদ। বাইরে থেকে বালোচ পাঠান গুন্ডা এনে দাঙ্গা করানোর আতঙ্ক গুজগুজ ফিসফাস হয়ে ছড়িয়ে পড়ছে। মার্স। অমঙ্গল।

এই গল্পবলার একটা দারুণ মজা আছে। পার্টিশন নিয়ে ব্রিটিশ সরকারের দায় এড়ানো ঔদাসীন্য আমরা স্ট্যান্ড আপ কমেডির হিহি হাহা দিয়ে স্বাভাবিক ভাবতে শুরু করি। তার পরেই ঝাঁকুনি খেয়ে মুখ থুবড়ে পড়ে যাই শিখ মেয়েদের গণধর্ষণের রেড সিনে। ক্যামেরা এক দৃষ্টে তাকিয়ে থাকে ঠাকুমার (ডলি আলুওয়ালিয়া) দিকে, তিনি নিজের হাতে একের পর এক শিশু, কিশোরী, সদ্য যৌবনাদের গলা কাটেন, যাতে তারা বিধর্মীদের নির্যাতিতা হয়ে না মরে। ক্যামেরা সরে না, যতক্ষণ না দেখতে দেখতে আশ্বস্ত হই মেয়েগুলো মরে বাঁচল ভেবে। ভিক্টোরিয়ান সভ্যতা আমাকে পার্টিশনের সাত দশক পেরিয়েও ভাবতে দেয় না এই মেয়েগুলো হাতে দা কাটারি নিয়ে ফিরিয়ে দিতে পারত, মেরেই না হয় মরত।
ট্র্যাজেডি সম্পূর্ণ হয়।

বুড়ো কিনু কি প্রলাপ বকছিল আদৌ? মঙ্গলগ্রহের কথা কি এই জন্যেই তোলা? পৃথিবীর মানুষ কেন এমন নৃশংস হবে? শুধুমাত্র হিন্দু মুসলিম ন্যারেটিভ দিয়ে ব্যাখ্যা হয় এই হিংস্রতার?

নাহ, এই সিনেমা এইসব তর্কে যায়নি। বরং ফ্ল্যাশব্যাকের গোলাপি, সেপিয়া, লাল বা মনোক্রম সাদা কালোয় বুনেছে রূপকথার প্রেমের গল্প, কিশোরী আফসানার চাঁদবালির গল্প, আপ্রাণ কবি হতে চাওয়া কিশোর কিনুর গল্প। আর স্মৃতির ভুলভুলাইয়ার বাইরে চলতে থাকে ক্লোজার খোঁজার গল্প। কিনুর কোন কথাটা না বলা থেকে গেছে যে তার মরে যাওয়াও হচ্ছে না? কিনুর নাতি (দিলজিৎ দোসাঞ্জ) কর্পোরেট লাইফ থেকে লাফ মেরে বেরিয়ে আসে ঠাকুরদার ক্লোজারের খোঁজে, তার নিজের কিছু উত্তরও ফাউ মিলে যায়।

দাঙ্গা, ধর্ষণের গল্প বলতে বসা মানে প্রোপাগান্ডা করা নয়, মুসলমানদের সব দোষ বলে হাত ধুয়ে ফেলা নয়। রিফিউজি হওয়ার অভিশাপ মঙ্গল গ্রহ নয়, এই গ্রহেরই মানুষজন বিলক্ষণ জানেন। সিনেমা শেষ হলে আর ফ্লাইট ল্যান্ড করলে ভারতীয়রা প্রবল ছটফট করতে থাকেন। তাই অনেকেই এন্ড ক্রেডিট সিনে 'ক্যায়া কামাল হ্যায়' (এ.আর. রহমান-দিলজিৎ দোসাঞ্জ-ইরশাদ কামিল) মিউজিক ভিডিওটা মিস করে গেছেন। ব্যস্ত দর্শকের চলে যাবার ফাঁক দিয়ে দেখলাম ভিডিওর মধ্যে বিভিন্ন সময়কাল আর দেশের আর্কাইভাল ফুটেজ আছে, যার মধ্যে গাজা, বেইরুটের ঘরবাড়ি মিশে যাবার দৃশ্যও আছে। কিনুর রূপকথার পর এই গান দেশভাগকে আজকের টাইমলাইনের সঙ্গে জুড়ে দেয়, দেশভাগের ট্রমাকে বিচ্ছিন্ন একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে না দেখিয়ে, উদ্বাস্তু হওয়ার একটা চলমান, সার্বজনীন রিয়ালিটি হিসেবে দেখিয়ে ফেলে। আর আমাদের সেই সব সর্বনাশ নিউ নরমাল ধরে মেনে নেবার অভ্যেস ক্যায়া কামাল হ্যায় হয়ে ওঠে।

ধন্যবাদ জানবেন ইমতিয়াজ, দেশভাগের সময়ের এমন রূপকথা এই সময়ে দাঁড়িয়ে বোনার জন্য, আর আপাদমস্তক পাঞ্জাবি পরিবারের ক্রাইসিসে দু কলি বাংলা গান রাখার জন্য। এ আর রহমানের অতীব খারাপ মিউজিকের জন্য আর কোনও ক্ষোভ নেই। আপনি সত্যিই কামাল করেছেন!

আপনার মতামত

এর উত্তরে Some User

এই বিভাগের অন্যান্য পোস্টসমূহ

  • গ্রে স্কেল তিন

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 27 ডিসেম্বর 2024

    টেলিভিশন জিনিসটা যারা আটের দশকে জন্মেছে তাদের জন্য একটা আস্ত জীবন্ত রূপকথা ছিল। এই কর লো দুনিয়া মুঠ্ঠি মে র অনেক আগের দিনকাল সেসব। আমার গল্পটা বলি, জানি এমন গল্প আছে এ দেশের অনেক প্রৌঢ় পাড়ায় পাড়ায়। তখন সদ্য সদ্য একটা আধটা মধ্যবিত্ত বাড়িতে ঢুকছে সাদা কালো টেলেরামা। রামানন্দ সাগরের ডিরেকশনে দারা সিং নতজানু হয়ে বসে বুক চিরে দেখাচ্ছেন রাম সীতার ছোট্ট পোস্টকার্ড সাইজ ছবি।

  • গুরু প্রণাম

    ঋতুপর্ণা ভট্টাচার্য | প্রকাশিত: 30 নভেম্বর 2024

    তেত্রিশ বছর আগের কথা। ক্লাস ফাইভে আমার প্রথম দিন, গরমের ছুটি পড়বে ঠিক তার পরদিন থেকে। নতুন স্কুলেও সেদিনই আমার প্রবেশ, মহারাষ্ট্র থেকে সদ্য এসেছি কলকাতায়, কথায় কথায় হিন্দি মারাঠি 'ঘুসে' যায় তখনও। মা বাবা ভর্তি করে দিলেন স্থানীয় ইশকুলে। রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ, বাংলা মাধ্যম, সবুজ স্কার্ট শাদা শার্ট। তবে সেইদিন ছিল রঙ্গিন পোষাকের দিন, গরমের ছুটি পড়ে যাবে এর পর।

  • গ্রে স্কেল দুই

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 02 নভেম্বর 2024

    সে ছিল আমাদের সোনালি বিকেলের দিনকাল। সিনেমার হিরোরা বুকের মধ্যে তুফান তুলতেন। হিরোইনরা আঁখিয়োসে গোলি মারতেন। পান সিগারেটের দোকানে নিষিদ্ধ সিনেম্যাগের প্রচ্ছদ থেকে মোহিনী দৃষ্টিতে থাকিয়ে থাকতেন রাংতা পোশাকে জুহি, খালি গায়ে সালমান, হৃদয়ভোলানো হাসিতে মাধুরী, ছেঁড়া স্যান্ডো গেঞ্জিতে অক্ষয়। বাজিগরের জন্য তখন স্কুলে অনেকেই দিওয়ানা। এইসব বয়ঃসন্ধির ক্রান্তিকালে অনেকেই একটু আধটু মৌলবাদী হয়ে উঠতাম। আমার থাকবে সালমান মাধুরী, আর কেউ না।

  • একশো উত্তম

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 24 জুলাই 2024

    উঁহু। এ ছবি দেখার মত দৃষ্টিদান আমাকে তো কেউ করে নি। ও আমি কামনাও করিনে। মর্যাদা বলে তো একটা ব্যাপার আছে না কি? ঐ থোবড়া দেখে গোটা বসু পরিবার দিওয়ানা হয়ে গেল, সে কার পাপে বলে দিতে হবে? মুরোদ সাড়ে চুয়াত্তর পয়সার, আর রোয়াব লাখ টাকার। বৌ ঠাকুরাণীর হাটে বেচে দাও না, ঠেলে উঠবে মরণের পারে। যদিও ওরা থাকে ওধারে, তাও তো চাঁপাডাঙার বৌটাকে ঝাড়ি মারে এন্তার। হাবভাব এমন, উনি অন্নপূর্ণার মন্দির বানিয়ে অগ্নিপরীক্ষা দিচ্ছেন যেন।

  • আহু দারিয়েই

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 07 নভেম্বর 2024

    আহু দারিয়েই বলে আসলে কিছু নেই।

    বিশ্বাস হচ্ছে না? আপনি বলবেন ভাইরাল হয়েছিলেন আহু দারিয়েই। আপনি বলবেন হিজাব ছাড়া দুই সন্তানের জননী আহু দারিয়েই তেহরানের ইসলামী আজাদ ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলেন। পর্দা না করার মত গুনাহ ওখানকার মাতব্বরেরা মোটেও কবুল করেননি। তাঁরা এসে তরুণীকে উত্তম মধ্যম দিয়ে তার ঊর্ধ্বাঙ্গের পোষাক কেড়ে তাঁকে ক্ষমা করে ছেড়ে দেন।

  • এনকাউন্টার

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 12 জুলাই 2026

    "প্রভু, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমানে আঘাতে
    সর্বশ্রেষ্ঠ সে বিচার।"

    বলাই বাহুল্য এসব বলে গান্ধারী কিছুই আটকাতে পারেননি। দ্রৌপদীর বস্ত্রহরণ, আস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ, কোনও কিছুই এসব ধর্মকথা হাতে নিয়ে বসে থাকেনি। এই যুগের গুরুজনেরা তো বলেন রবীন্দ্রনাথ নিজেও অর্বাচীন কম নন, তিনি তো আর দেশভাগের ক্রাইসিস দেখেননি! ঐজন্যেই গান্ধারীর আবেদনে অত নীতিকথা লিখেছেন।

    তা দেখুন, গুরুজনেরা, বিশেষ করে রাষ্ট্রের গুরুজনেরা বলেন যখন ঠিকই বলবেন, তাঁদের বক্তব্যে ভুল ধরতে গেলে ঠিকানা পরিবর্তনের দরকার পড়তে পারে। সেটা কথা নয়। প্রশ্নটা হলো, বাংলায় এনকাউন্টার ফিরে পেয়ে আমরা ভেরি হ্যাপি। মেয়েদের বিচার এসে গেছে, এখন আমরা হৃষ্টচিত্তে ডিম থেরাপির মিমে ফিরে যাচ্ছি, আমাদের এই ইনস্ট্যান্ট জাস্টিসই কি তবে আমাদের রাজনীতির মোক্ষ? প্রতিশোধের রাজনীতি, প্রতিরোধের নয়?

  • চা

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 21 মে 2024

    কেটলিতে আধহেমন্তের সকাল বুড়বুড়ি কাটছে। ঐ ঘাড়ে ঘাড়ে জোলো দুধ আর চিনির ডেলা পড়ল। রং দেখ, যেন সাক্ষাৎ মে মাসের দুপুর। সামান্য শিউরে উঠলেন সাঁপুইবাবু। হাতে হাতে পাচার হয়ে যে ভাঁড়টা এসে পৌঁছল তার খোঁদলে উষ্ণ তরলের ওপর পুরু সর। তাও মুখ দেখার ব্যর্থ চেষ্টা তিনি করবেনই। রোজকার মতন। রিফ্লেক্স।

  • গ্রে স্কেল চার

    পারমিতা বন্দ্যোপাধ্যায় | প্রকাশিত: 24 জুলাই 2025

    সেও এক দিন ছিল!

    ষাটের শেষ, কিংবা সত্তরের শুরু। উঠতি বয়সের সিড়িঙ্গে এক ছোকরা চায়ের দোকানে বিড়ি ফুঁকছে। যেমন ধারালো মুখ তেমন ধারালো জিভ। ফাঁকিবাজ আবার পরোপকারী বলে দুর্নাম। এর বাপকে নালিশ দেবার সাহস কার আছে? মহেশ বাঁড়ুয্যে ডাকসাইটে পণ্ডিত। মামুলি সরকারী চাকুরে হতেই পারেন, কিন্তু খড়ম, সংস্কৃত আর অঙ্কে গায়ত্রী জপেন। তাঁর মেজ ছেলে এমন মারকুটে দুর্মুখ ধারা কোথা থেকে পেলে কেউ জানে না।